কুয়েতে ড্রোন হামলায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

তেহরান, ১৩ জুলাই – কুয়েতে বড় ধরনের হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ড্রোন হামলায় তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা যায় গত রবিবার এই তথ্য প্রকাশ করে আইআরজিসি। আধা সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানায় ড্রোনের মাধ্যমে চালানো অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং সেগুলোর ক্ষেপণাস্ত্র পডগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
আইআরজিসির দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানে হামলার জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয় গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অভিযানের সময় এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছিল।
যদিও আইআরজিসির এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এমনকি এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে কুয়েত তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত এবং একটি তেল খনন প্ল্যাটফর্মে হামলার কথা জানালেও তারা নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেনি।
এস এম/ ১৩ জুলাই ২০২৬









