শেখ হাসিনাকে এখনই দেশে ফিরে আসার আহ্বান জানালেন আসিফ নজরুল

ঢাকা, ১২ জুলাই – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে ফেরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, বাংলাদেশের জনগণের কাছে এবং আদালতের কাঠগড়ায় শেখ হাসিনার অনেক প্রশ্নের উত্তর দেওয়ার আছে। বিশেষ করে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির দায়ভার কার, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়াও তার শাসনামলে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের ব্যাখ্যাও জনগণ জানতে চায় বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও অভিযোগ করেন যে দীর্ঘ সময় ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং দেশ একটি প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে পড়েছিল।
আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা নিজের পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দিলেও রাজনৈতিক ও আইনি পরিণতির দায় সাধারণ নেতা কর্মীদের ওপর ছেড়ে দিয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের বহু তৃণমূল কর্মী বিভিন্ন মামলার মুখোমুখি হয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ফেসবুক পোস্টে সাবেক এই উপদেষ্টা সাফ জানান, শেখ হাসিনার যদি সত্যিই দেশে ফেরার পরিকল্পনা থাকে তবে যেন আর দেরি না করেন। তাকে অবিলম্বে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার এবং আদালতে নিজের অবস্থান পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।
একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিরে আসার কোনো বাস্তব পরিকল্পনা না থাকলে বারবার প্রত্যাবর্তনের ঘোষণা দিয়ে সাধারণ নেতা কর্মীদের বিভ্রান্ত কিংবা ঝুঁকির মুখে ফেলা ঠিক হবে না।
এস এম/ ১২ জুলাই ২০২৬









