দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল: নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজার মানুষকে

প্যারিস, ৭ জুলাই – ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতে ওই অঞ্চলের অন্তত ১০ হাজার বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে স্পেনের সীমান্ত সংলগ্ন ফরাসি পাইরেনিস পার্বত্য অঞ্চলের কাছাকাছি অবস্থিত এক ডজনেরও বেশি ছোট শহর ও গ্রামের বাসিন্দারা এই নির্দেশনার আওতায় পড়েছেন।
ফরাসি শহর পেরপিনিয়ানের নিকটবর্তী ত্রেভিলাক এলাকায় শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৪ হাজার ৬০০ হেক্টরের বেশি বনভূমি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে প্রতিকূল আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে পরিস্থিতির অবনতি ঘটায় আগুন নেভানোর লড়াই নতুন করে শুরু করতে হয়েছে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্স এর ওপর। জরুরি উদ্ধারকারী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে সোমবারের প্রতিযোগিতার শেষ ৪০ কিলোমিটার এলাকা থেকে দর্শকদের দূরে থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
এদিকে এই সংকট মোকাবিলায় ফ্রান্সের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সাইপ্রাস ও সুইডেন থেকে চারটি বিশেষ অগ্নিনির্বাপক বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন।
ফ্রান্সের পাশাপাশি এই দাবানলের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ স্পেনেও। সেখানে কাতালোনিয়ার একটি প্রাকৃতিক উদ্যানের ২ হাজার ২০০ হেক্টরের বেশি বনভূমি ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। কাতালোন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শনিবার রাত থেকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও দক্ষিণের কাস্তেলন প্রদেশে নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় আরও ৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
এনএন/ ৭ জুলাই ২০২৬









