জাতীয়

সারা দেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ঢাকা, ৫ জুলাই – সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জন শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৩৮ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৪৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১০৬ জন নিশ্চিতভাবে হামে এবং ৯২৫ জন হামের উপসর্গে ভুগছেন। এই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৮৭৮ জন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৩২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন যার মধ্যে ৮৫ হাজার ১২২ জন ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে ফিরেছেন।

এনএন/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language