লালমনিরহাট

লালমনিরহাটে একই মঞ্চে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন

লালমনিরহাট, ৪ জুলাই – লালমনিরহাটে সামাজিক অপরাধ প্রতিরোধ ও যৌতুক প্রথার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী এক গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একই মঞ্চে কোনো প্রকার যৌতুক ছাড়াই ৭ জোড়া তরুণ-তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

শুক্রবার রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবদম্পতিদের বিবাহ সম্পন্ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বর্ণিল সাজে সজ্জিত অনুষ্ঠানস্থলে লালমনিরহাট সদর উপজেলার ৭টি ইউনিয়নের বর ও কনেরা উপস্থিত ছিলেন। বরদের পরনে ছিল একই রঙের শেরওয়ানি এবং কনেরা ছিলেন লাল শাড়িতে। যৌতুকমুক্ত এই আয়োজনের মাধ্যমে তারা নতুন এক সামাজিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নবদম্পতি ও তাদের অভিভাবকরা এই আয়োজনে সন্তোষ প্রকাশ করে জানান যে যৌতুক প্রথার অভিশাপমুক্ত হয়ে নতুন জীবন শুরু করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। আয়োজকরা জানান যে যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রয়াস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে জেলাজুড়ে মাদক, জুয়া এবং বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্য নিয়েই আলোকিত লালমনিরহাট নামক এই সামাজিক আন্দোলনটির সূচনা করা হয়েছিল।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language