জাতীয়

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

ঢাকা, ২৯ জুন – দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে প্রবীণ ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আয়কর আইন ২০২৩ এর ৩২৮ ধারার উপধারা চার অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব সাধারণ করদাতাকে এখন থেকে এনবিআরের নির্দিষ্ট ই ট্যাক্স পোর্টাল ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।

বিশেষ আদেশ অনুযায়ী ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা এবং প্রয়োজনীয় সনদ সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি, মৃত ব্যক্তির প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশিরাও সরাসরি কাগজে রিটার্ন দিতে পারবেন।

তবে এই শ্রেণির করদাতারা চাইলে স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধা পাবেন। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কোনো কারিগরি সমস্যার কারণে যদি কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন তবে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন।

অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতাকে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে। ডিজিটাল কর ব্যবস্থা আরও স্বচ্ছ এবং সহজ করতেই অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআর সূত্র নিশ্চিত করেছে।

এই বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language