ইংল্যান্ডকে রুখে দিয়ে ড্র ছিনিয়ে নিল ঘানা

বোস্টন, ২৪ জুন – বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচে ঘানার বিপক্ষে জয় পেতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে।
মঙ্গলবার বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লড়াইয়ে মাঠের নিয়ন্ত্রণ মূলত ইংলিশদের দখলেই ছিল। ম্যাচে প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। তারা মোট ১৯টি শট নিলেও মাত্র তিনটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
অন্যদিকে ঘানা পুরো ম্যাচে মাত্র দুটি শট নিলেও তাদের রক্ষণভাগ ছিল অতন্দ্র প্রহরীর মতো। ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন। এই ম্যাচে মাঠে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন জুড বেলিংহ্যাম। মাত্র ২২ বছর ৩৫৯ দিন বয়সে ইংল্যান্ডের হয়ে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করেন তিনি। এর মাধ্যমে তিনি ওয়েইন রুনির সর্বকনিষ্ঠ বয়সে ৫০ ম্যাচ খেলার রেকর্ডটি ভেঙে দেন। রুনি এই উচ্চতায় পৌঁছেছিলেন ২৩ বছর ১৫৯ দিন বয়সে।
প্রথমার্ধে ইংল্যান্ড বেশ কিছু আক্রমণ করলেও ঘানার রক্ষণে চিড় ধরাতে পারেনি। বিরতির পর আক্রমণ আরও তীব্র করে হ্যারি কেইন ও বুকায়ো সাকারা। তবে আসারের অসাধারণ গোলকিপিং এবং ভাগ্য সহায় না থাকায় গোলের অপেক্ষা শেষ হয়নি।
৮৬ মিনিটে সাকার জোরালো শট আটকে দেন আসারে। এরপর নিকো ও’রাইলির একটি হেড ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় ইংলিশ সমর্থকদের। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঘানা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে পানামার এবং ঘানা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ওই দিনের ফলাফলেই নির্ধারিত হবে শেষ ষোলোর সমীকরণ।
এনএন/ ২৪ জুন ২০২৬









