ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষীয়ান বিএনপি নেতা হারুন আল রশিদের দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, ২০ জুন – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশিদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর জেলা শহরের শেরপুরে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শুরুর আগে বিএনপির এই বর্ষীয়ান নেতার কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ও কানাডা প্রবাসী চিকিৎসক আসিফ হারুন। এ সময় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব তাকে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন, দলের দুঃসময়ে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
সকল রাজনৈতিক বিভেদ ছাপিয়ে তার প্রতি সবার অগাধ শ্রদ্ধা ছিল। তার প্রয়াণ শুধু দলের নয়, পুরো জেলার জন্য এক অপূরণীয় ক্ষতি। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ৫ আসনের এম এ মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
উল্লেখ্য, গত ১৮ জুন বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন হারুন আল রশিদ। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এস এম/ ২০ জুন ২০২৬









