ওমান উপকূলে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহত: যুদ্ধাপরাধের অভিযোগ বাবার

নয়া দিল্লি, ১২ জুন – ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেলোতে মার্কিন হামলায় তিন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ২৩ বছর বয়সী ভারতীয় প্রশিক্ষণার্থী ডেক ক্যাডেট আদিত্য শর্মা। এই ঘটনার পর আদিত্যের বাবা রাজেশ শর্মা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন।
তিনি এই অকাল মৃত্যুর জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে ভারত সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। জানা গেছে মাত্র চারদিনের ব্যবধানে ভারতীয় নাবিকদের দ্বারা পরিচালিত তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার এমটি মারিভেক্সে হামলার পর বুধবার সেত্তেবেলো আক্রান্ত হয়।
আদিত্য তার বাবার সাথে সর্বশেষ আলাপে জানিয়েছিলেন তারা নিরাপদ আছেন। কিন্তু সেই বার্তার এক ঘণ্টার মধ্যেই হামলার ঘটনা ঘটে। জাহাজের ২৪ জন নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আদিত্যসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার প্রতিবাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লীতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র নিন্দা জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে নাবিকদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জানান মার্কিন পক্ষের কাছে এই হামলার কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে জাহাজটি বারবার তাদের নির্দেশনা উপেক্ষা করে ইরান থেকে তেল পরিবহন করছিল। তবে জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
তারা বলছে কোনো প্রকার যোগাযোগ বা সতর্কবার্তা ছাড়াই প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
এস এম/ ১২ জুন ২০২৬









