রাজশাহী

রামেক হাসপাতালে ডিরেক্ট রিলিফের ২৮ কোটি টাকার ওষুধের চালান পৌঁছেছে

রাজশাহী, ১১ জুন – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের দ্বিতীয় চালান এসে পৌঁছেছে। বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ৬৯৬টি সিরিঞ্জের এই চালানটি গ্রহণ করে। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা যায়, অ্যাডালিমুমাব একটি অত্যন্ত ব্যয়বহুল ওষুধ। এটি ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস ও ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজের মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে প্রদান করা হবে।

যুক্তরাষ্ট্রের বাজারমূল্য অনুযায়ী এই চালানের মোট মূল্য প্রায় ২৮ কোটি টাকা। এই ওষুধ প্রয়োগ ও রোগী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ। রোগের ধরন ও প্রয়োজনীয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে উপযুক্ত রোগীদের এই উন্নত চিকিৎসা দেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অধ্যাপক আজাদের সরাসরি উদ্যোগ এবং হাসপাতাল পরিচালকের ঐকান্তিক সহযোগিতায় এই বিশেষ চিকিৎসা সহায়তা পাওয়া সম্ভব হয়েছে।

হাসপাতালের মুখপাত্র জানান, উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের পক্ষে এই ওষুধ কেনা প্রায় অসম্ভব। তাই বিনামূল্যে এই জীবনরক্ষাকারী ওষুধ পাওয়ার সুযোগ স্থানীয় রোগীদের জন্য একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language