জ্বালানি তেলে কারচুপি: রাজধানীর দুই ফিলিং স্টেশনকে জরিমানা ও সিলগালা

ঢাকা, ৮ জুন – রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রির আড়ালে প্রকাশ্য প্রতারণার প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মোবাইল কোর্টের একাধিক অভিযানে দেখা গেছে, কোনো কোনো পাম্পে প্রতি ১০ লিটার তেলের দাম নেওয়া হলেও গ্রাহককে এক লিটার পর্যন্ত তেল কম দেওয়া হচ্ছে।
এই ভয়াবহ কারচুপির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তাদের বিতর্কিত ডিসপেন্সিং ইউনিটগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর মগবাজার এলাকার সাংবাদিক সেলিনা পারভীন সরণিতে অবস্থিত মইন মটরস ফিলিং স্টেশনে অভিযান চালায় বিএসটিআই।
সেখানে একটি অকটেন সরবরাহকারী ইউনিটে পরীক্ষায় দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি সরবরাহে ৮০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। এই অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ইউনিটটি সিলগালা করে দেওয়া হয়।
এর আগে গত ৭ জুন দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় অবস্থিত সোহরাব সার্ভিস স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে চারটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে দুটিতে গুরুতর অনিয়ম পাওয়া যায়। পরীক্ষায় দেখা যায়, একটি ইউনিটে প্রতি ১০ লিটারে ১ হাজার ৮০ মিলিলিটার এবং অন্যটিতে ৯৮০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছিল।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের স্বার্থ রক্ষায় এবং জ্বালানি তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম ও সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক রাভী মোহাম্মদ ইতমাম। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং পরিদর্শক রেজওয়ানুল ইসলামও অংশ নেন।
এস এম/ ৮ জুন ২০২৬









