তৃণমূলের নারীরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: মঈন খান

ঢাকা, ৮ জুন – তৃণমূল পর্যায়ের নারীরাই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার সকালে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আইসিএবি আয়োজিত ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমানে দেশের তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ নারী শ্রমিক কর্মরত রয়েছেন।
তাদের হাড়ভাঙা খাটুনি ও অবদানের মাধ্যমেই দেশের অর্থনীতি সচল রয়েছে। তবে অর্থনীতির চাকা সচল রাখলেও দেশে এখনো নারীদের প্রাপ্য অধিকার পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন,
সঠিক নেতৃত্ব গড়ে তোলার জন্য সম্মিলিত অংশীদারিত্বের কোনো বিকল্প নেই।
যোগ্য নেতৃত্ব বিকাশে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। সম্মেলনে আইসিএবি এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস এম/ ৮ জুন ২০২৬









