বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, অনুভূত হয়েছে কয়েক সেকেন্ড

ঢাকা, ৮ জুন – বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রবিবার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির আনুমানিক তীব্রতা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। মাটির তলদেশে সৃষ্ট এই শক্তিশালী কম্পনের ফলে ভুটান ছাড়াও পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল তীব্রভাবে কেঁপে ওঠে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ভূমিকম্প অনুভূত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান ও চীন। মাঝরাতের এই আকস্মিক ঝাঁকুনিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রংপুর বিভাগে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে কোনো বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। তারা বিস্তারিত তথ্য পর্যালোচনা করছেন।
ভূমিকম্পের তীব্রতায় দেশের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও ও সিলেটে চরম আতঙ্ক দেখা দেয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, রাত ১১টা ৩৬ মিনিটের দিকে জেলার বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।
অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, এই অঞ্চলে অনুভূত হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। হঠাৎ কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ঘরের আসবাবপত্র তীব্রভাবে কেঁপে ওঠে। প্রাণভয়ে অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় চলে আসেন।
অন্যদিকে সিলেট প্রতিনিধি জানান, রাত ১১টা ৩৮ মিনিটে সিলেট ও এর আশপাশের এলাকা তীব্র কম্পনে কেঁপে ওঠে। হঠাৎ ভবনগুলো দুলে উঠলে নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, সুবিদবাজার, উপশহর, টিলাগড় ও শাহপরানসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বহুতল বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দ্রুত রাস্তায় বের হয়ে আসেন সাধারণ মানুষ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এনএন/ ৮ জুন ২০২৬









