উত্তর আমেরিকা

ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন

ওয়াশিংটন, ৮ জুন – লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা হিসেবে ইসরায়েল অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই ঘটনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে সেই আহ্বান উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। এর ফলে ওয়াশিংটন ও তেল আবিবের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতে, ট্রাম্পের পরামর্শ উপেক্ষা করায় দুই দেশের সম্পর্ক বর্তমানে চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

তিনি মনে করেন, এই ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর পড়তে পারে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোল্ডবার্গ জানান, তেহরানে হামলার আগে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপ হয়েছিল।

সেখানে বৈরুতে চলমান বিমান হামলার পরিকল্পনা নিয়েও নেতানিয়াহুর প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওই ফোনালাপে ট্রাম্প চেয়েছিলেন কোনো চুক্তির মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করতে।

তবে নেতানিয়াহু সেই অবস্থানের বিরোধিতা করেন এবং পাল্টা হামলার পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন। বিশ্লেষকরা মনে করছেন, জো বাইডেনের শাসনামলে নেতানিয়াহু যেসব পদক্ষেপ নিতে পারতেন, ট্রাম্পের সময়ে তা আর সহজ হবে না।

যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন ছাড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে দুর্বল অবস্থানে থাকা ইসরায়েলের জন্য পূর্ণমাত্রার সংঘাত চালিয়ে যাওয়া বেশ কঠিন হতে পারে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language