জাতীয়
মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ঢাকা, ৭ জুন – দেশে জ্বালানি তেলের দামের প্রভাব এবং খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে পণ্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মে মাসে মূল্যস্ফীতির হার আরও বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। এটি গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ হার। এর আগে এপ্রিল মাসে এই হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।
বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় মাত্র এক মাসের ব্যবধানে এই সূচক দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। টানা দুই মাস ধরে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
দ্রব্যমূল্যের এই ধারাবাহিক চাপের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকটা বেড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এনএন/ ৭ জুন ২০২৬









