অভিবাসন ব্যয় তিন লাখ টাকায় নামিয়ে আনার পরিকল্পনা সরকারের

ঢাকা, ১০ আগস্ট – বাংলাদেশ থেকে বিদেশ গমনের অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্প্রতি সিঙ্গাপুরে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে একজন কর্মীকে বিদেশে যেতে ১০ থেকে ১৪ লাখ টাকা খরচ করতে হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই ব্যয় কমিয়ে সর্বোচ্চ ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।
প্রবাসীদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গর্ব এবং তাদের কঠোর পরিশ্রম বাংলাদেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করছে। বর্তমানে সিঙ্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রায় ১ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে আসা মোট ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্সের মধ্যে সিঙ্গাপুর থেকে এসেছে প্রায় ৪৭৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার। দেশের নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
অভিবাসীদের সেবা নিশ্চিত করতে ইতিহাসে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডেডিকেটেড মাইগ্রেশন উইং খোলা হয়েছে যা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রবাসীদের পাঁচটি বিশেষ অনুরোধ জানান। এর মধ্যে রয়েছে হুন্ডি পরিহার করে বৈধ চ্যানেলে টাকা পাঠানো, স্থানীয় আইন মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে ১৫ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এনএন/ ১০ আগস্ট ২০২৬









