এশিয়া

যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে মিথ্যা বললেন কিম ইয়ো জং

পিয়ং ইয়ং, ৮ জুন – ওয়াশিংটনের পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন যে কোনো মূল্যে দেশের আত্মরক্ষামূলক পরমাণু যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা হবে।

একই সঙ্গে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণে মার্কিন প্রচেষ্টাকে একটি সেকেলে স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান তার দেশ কোনো ধরনের হুমকি বরদাস্ত করবে না। উত্তর কোরিয়ায় একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই বার্তা দেন কিমের বোন।

ইয়ো জং দাবি করেন যে চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্য নিশ্চিত করেছেন বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জোর দিয়ে বলেন যে এই আলোচনার প্রকৃত তথ্য কেবল তাদের কাছেই রয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন দেশটির কিছু কর্মকর্তা সেকেলে স্বপ্ন থেকে জেগে উঠতে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপ্রধান আত্মরক্ষামূলক পারমাণবিক শক্তি বৃদ্ধির নীতি গ্রহণ করেছেন যা অপরিবর্তনীয় এবং এটি নিঃশর্তভাবেই বাস্তবায়ন করা হবে।

কূটনৈতিক উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা উন্মোচন করেছেন কিম জং উন। সেখানে দাঁড়িয়ে তিনি দেশের পারমাণবিক অস্ত্রাগারের ব্যাপক সম্প্রসারণের আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা তথ্য অনুযায়ী কিম জং উন আগামী পাঁচ বছরের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা আড়াই গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে বেইজিংয়ের সঙ্গে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই পিয়ংইয়ং এমন কঠোর অবস্থান জানান দিচ্ছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language