দক্ষিণ এশিয়া

এভারেস্টে ৬ দিন নিখোঁজ থাকার পর অলৌকিকভাবে ফিরলেন নেপালি গাইড

কাঠমুন্ডু, ৮ জুন – মাউন্ট এভারেস্টের সুউচ্চ ঢালে প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রায় এক সপ্তাহ আটকে থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন নেপালি পর্বতারোহী গাইড হিলারি দাওয়া শেরপা। ৫২ বছর বয়সী এই অভিজ্ঞ গাইড নিখোঁজ হওয়ার ছয় দিন পর হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পে ফিরে আসার মাধ্যমে সবাইকে বিস্মিত করেছেন।

তিনি জানিয়েছেন, দীর্ঘ এই সময়ে শুধুমাত্র বরফ চিবিয়ে নিজেকে জীবিত রাখতে সক্ষম হন তিনি। গত বৃহস্পতিবার সকালে খুম্বু আইসফল এলাকায় পরিচ্ছন্নতা কর্মীরা তাকে খুঁজে পান। উদ্ধারের পর একটি হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর হামস হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি তার পরিবারের সাথে পুনর্মিলিত হন।

পরিবারটি ইতিমধ্যে তার ফিরে আসার আশা ছেড়ে দিয়ে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল। বর্তমানে তিনি ফ্রস্টবাইট, পানিশূন্যতা এবং হাড়ের সমস্যার জন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দাওয়া জানান, অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় তিনি প্রচণ্ড বিপদে পড়েছিলেন এবং প্রথম দুই দিন অনাহারে ছিলেন।

পরবর্তীতে সামান্য চকলেটের সহায়তা এবং দীর্ঘ সময় বরফ চিবিয়ে প্রাণরক্ষা করেন। ফেরার পথে একটি গভীর বরফ ফাটলে আড়াই দিন আটকে থাকলেও আকস্মিক এক তুষারধস তাকে ফাটল থেকে বের হতে সহায়তা করে।

এই ঘটনায় তার পরিবার নিয়োগকারী প্রতিষ্ঠান হিমালয়ান ট্রাভার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে। পরিবারের দাবি, উদ্ধার অভিযানে বিলম্ব হয়েছে এবং নেপালি গাইড হওয়ার কারণে তার প্রতি বৈষম্য করা হয়েছে। নেপালের পর্যটন বিভাগ ও পুলিশের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language