মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ল

তেহরান, ৮ জুন – মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।

লেবাননে ইসরায়েলের বিমান হামলা এবং ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবরে সোমবার তেলের বাজার অস্থির হয়ে ওঠে। প্রতি ব্যারেল তেলের দাম এক ধাক্কায় তিন ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ২০ সেন্ট বেড়ে ৯৬ ডলার ২৪ সেন্টে পৌঁছায়। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩ ডলার ৪১ সেন্টে।

গত মার্চ মাসের তুলনায় বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট জ্বালানি সরবরাহ ব্যবস্থার এক পঞ্চমাংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় সরবরাহ ব্যবস্থা বড় ঝুঁকির মুখে পড়েছে।

ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপ করায় সংকট আরও ঘনীভূত হয়েছে।

এদিকে খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিলেও বাজারে তার তেমন ইতিবাচক প্রভাব পড়েনি।

জ্বালানি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রাইস্টাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন জানান, হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং রাশিয়ার উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ায় ওপেক প্লাসের এই সিদ্ধান্ত খুব একটা কার্যকর হচ্ছে না। সরবরাহ ব্যবস্থার এই অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতির জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এনএন/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language