ইউরোপ

পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি: সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের আহ্বান

কিয়েভ, ৫ জুন – রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

চিঠিতে তিনি সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দেন এবং দাবি করেন যে রাশিয়ার সাধারণ নাগরিক ও ব্যবসায়ী সমাজ যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবে ক্লান্ত হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে শুক্রবার এই চিঠির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

জেলেনস্কি তার চিঠিতে পুতিনের দীর্ঘ ২৬ বছরের শাসনকাল উল্লেখ করে বলেন, একসময় ইউক্রেনের জনগণের মধ্যে পুতিন সম্পর্কে ইতিবাচক ধারণা থাকলেও বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তিনি উল্লেখ করেন, ইউক্রেনীয় ড্রোন যখন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মতো শহরে আঘাত হানে, তখন ইউক্রেনের অনেক মানুষ তা স্বাগত জানায়।

জেলেনস্কির মতে, এই যুদ্ধ কোনো ভূ-রাজনৈতিক প্রয়োজন নয় বরং পুতিনের ব্যক্তিগত সিদ্ধান্তের ফলাফল। রণক্ষেত্রে রাশিয়ার বিশাল ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে জেলেনস্কি জানান, শুধু গত মে মাসেই ইউক্রেন ফ্রন্টে ৩০ হাজারের বেশি রুশ সেনা হতাহত হয়েছে।

চিঠিতে রাশিয়ার অভ্যন্তরীণ সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ড্রোন হামলা, জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ফীতির কারণে রুশ নাগরিকদের মধ্যে অসন্তোষ তীব্র হচ্ছে। জেলেনস্কি আরও জানান, ইউক্রেন দীর্ঘস্থায়ী যুদ্ধ চায় না এবং তারা স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাচ্ছে।

তিনি সরাসরি আলোচনার জন্য সুইজারল্যান্ড, তুরস্ক বা আরব বিশ্বের কোনো নিরপেক্ষ স্থান নির্বাচনের প্রস্তাব দেন। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে রাখার কথা বলা হয়েছে। এছাড়াও তিনি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও সব যুদ্ধবন্দি বিনিময়ের ওপর জোর দেন। চিঠির শেষে তিনি সতর্ক করে বলেন, রাশিয়া যদি যুদ্ধ বন্ধ না করে তবে ইউক্রেন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language