জাতীয়

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রুহুল কবির রিজভী

ঢাকা, ৫ আগস্ট – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। বুধবার রাজধানীর গুলশানে জুলাই গণঅভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে। নাৎসি হিটলার ও মুসোলিনির মতো শাসকরা জাতিগত নিপীড়নের মাধ্যমে লাখ লাখ মানুষকে হত্যা করলেও তারা নিজ দেশকে শক্তিশালী করার চেষ্টা করেছিল।

কিন্তু হিটলার বা মুসোলিনি শেখ হাসিনার মতো দেশের টাকা পাচার, ব্যাংক লুট কিংবা সরকারি জমি দখলের মতো কর্মকাণ্ডে লিপ্ত হননি। তারা চরম খুনি হলেও নিজ দেশের প্রতি তাদের এক ধরনের মমত্ববোধ ছিল। অন্যদিকে শেখ হাসিনার মূল লক্ষ্য ছিল পুরো জাতিকে লুণ্ঠন করে নিজের স্বজনদের বিদেশে প্রতিষ্ঠিত করা।

বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হয়েছিল প্রতারণার মাধ্যমে। ক্ষমতা চিরস্থায়ী করতে তারা সাধারণ মানুষের রক্ত ঝরাতে দ্বিধা করেনি। ১৯৭২ থেকে ১৯৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ হত্যার শিকার হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এমনকি কোলের শিশুও বাদ যায়নি। জুলাই গণঅভ্যুত্থান ছিল মূলত অত্যাচারীর বিরুদ্ধে জনগণের সুপ্ত শক্তির এক পারমাণবিক বিস্ফোরণ। শেখ হাসিনা জনগণের এই শক্তি বুঝতে পারেননি বলেই বারবার পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় মানুষ যেভাবে লড়াই করেছে, ভবিষ্যতে সেই লড়াইয়ে তারা একইভাবে শামিল হতে বদ্ধপরিকর।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button