উত্তর আমেরিকা

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হাভানা, ৫ জুন – ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এবং সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর পরিবারের একাধিক সদস্যের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে কিউবার সামরিক বাহিনী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি সংস্থাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ইস্যু সমাধানের পর কিউবার বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে তার প্রশাসন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস বা ওএফএসি কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল, তার স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা এবং তার সৎ ছেলে ম্যানুয়েল আনিদো কুয়েস্তাকে বিশেষভাবে চিহ্নিত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এছাড়া কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর ছেলে আলেহান্দ্রো কাস্ত্রো এসপিন এবং নাতি রাউল আলেহান্দ্রো কাস্ত্রো কালিসকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ব্যক্তি পর্যায়ের বাইরেও কিউবার প্রভাবশালী কিছু প্রতিষ্ঠানের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

এর মধ্যে রয়েছে কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়, দেশটির সামরিক বাহিনী এবং কমিটি ফর দ্য ডিফেন্স অব দ্য রেভল্যুশন বা সিডিআর। সেই সঙ্গে রাষ্ট্র সমর্থিত খনি শিল্প প্রতিষ্ঠান মিনেরা লা ভিক্টোরিয়া এসএ এবং কিউবান ইনস্টিটিউট অব ফ্রেন্ডশিপ উইথ দ্য পিপলস এর মতো সংস্থাগুলোও নিষেধাজ্ঞার কবলে পড়েছে।

এই পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগে ইরান সংক্রান্ত কার্যক্রম শেষ করা হবে এবং এরপর কিউবার বিষয়টি দেখা হবে। তিনি দাবি করেন, কিউবার শাসনব্যবস্থা বর্তমানে সংকটের মুখে রয়েছে।

ট্রাম্প আরও উল্লেখ করেন, তার মূল লক্ষ্য হলো কিউবাকে এমন একটি রাষ্ট্রে পরিণত করা যা সঠিকভাবে পরিচালিত হবে এবং নিজ জনগণের খাদ্যের চাহিদা পূরণ করতে পারবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে অভিযোগ করেছেন যে কিউবা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক ও আদর্শিক যুদ্ধ চালিয়ে আসছে।

তিনি জানান, কিউবা সরকারের সহিংস কর্মকাণ্ডে যারা অর্থায়ন এবং সহযোগিতা করে তাদের লক্ষ্য করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে এখনো কিউবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language