মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মোকাবিলায় ইরানিদের ঐক্যের আহ্বান মোজতবা খামেনির

তেহরান, ৪ জুন – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ইরানি জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক দীর্ঘ লিখিত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে খামেনি বলেন যে শত্রুদের বৈরী নীলনকশা মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষকে অবিচলতা, স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখতে হবে। একইসঙ্গে শত্রুর প্রচারণায় কান না দিয়ে তাদের অসৎ উদ্দেশ্য নস্যাৎ করে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি।

প্রায় অর্ধশতাব্দী ধরে দেশ শাসন করা ইরানি শাসনব্যবস্থার জন্য এই যুদ্ধকে অস্তিত্বের সংকট হিসেবে দেখা হচ্ছে। তবে এই চরম সংকটের মধ্যেও ইরানের সর্বোচ্চ নেতাকে সশরীরে জনসম্মুখে দেখা যাচ্ছে না যা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তার পরিবর্তে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতার নাম দিয়ে তৈরি বিবৃতিগুলো জাতীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। অবশ্য খামেনির এই অনুপস্থিতির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে খামেনি জীবিত আছেন এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বাড়ছে।

মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটিকে রুবিও বলেন যে খামেনি কোনো না কোনো স্তরে আগের চেয়ে বেশি যুক্ত হচ্ছেন এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে যে শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বসে যুদ্ধকৌশল নির্ধারণে পর্দার আড়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করছেন মোজতবা খামেনি।

এস এম/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language