পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৩ টন চোরাই কয়লাসহ দুটি বোট জব্দ

চট্টগ্রাম, ৩ জুন – চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই খনিজ কয়লা ও দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার সকালে কোস্ট গার্ড পূর্ব জোনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গত মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এই সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিন টন খনিজ কয়লা উদ্ধার করা হয়।
একই সাথে চোরাচালান কাজে ব্যবহৃত বোট দুটিকেও জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা কয়লা ও বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানানো হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
এস এম/ ৩ জুন ২০২৬









