কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলে বসে বিএনপির নেতাকর্মীদের তাসের আসর

কুমিল্লা, ৩ জুন – কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রাতের আঁধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে স্থানীয় বিএনপি নেতাদের তাস খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত সোমবার রাত থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার দিনভর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এই তাসের আসর বসেছিল। ভিডিওতে দেখা যায়, দুলালপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আলম, ইউনিয়ন যুবদলের নেতা মাহবুব মেম্বার, বিএনপি কর্মী এরশাদ জামান এবং রুবেল মিয়া মিলে তাস খেলছেন। শ্রেণিকক্ষের জানালা দিয়ে বাইরে থেকে কেউ একজন তাসের এই আসরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন যা পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পশুর হাটের ইজারার হিসাব করার কথা বলে বিদ্যালয়ের দপ্তরির কাছ থেকে শ্রেণিকক্ষের চাবি সংগ্রহ করেছিলেন মাসুদ আলম। পরে তারা সেখানে তাসের আসর বসান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান। ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে একজনকে শিক্ষকের চেয়ারে বসে তাস বণ্টন করতে এবং অন্য একজনকে ধূমপান করতে দেখা যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার আগেই খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়েছিল। তবে তাদের কাউকে পাওয়া যায়নি। হিসাব করার কথা বলে চাবি নিয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মাসুদ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, বিষয়টি তারা জেনেছেন এবং দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তিনি আরও বলেন, এই ধরনের কাজ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
এস এম/ ৩ জুন ২০২৬









