জাতীয়

দেশের ৪০ জেলায় বইছে তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

ঢাকা, ২ জুন – চলতি জুন মাসে দেশে একাধিকবার তাপপ্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি না হওয়ায় অসহনীয় গরম অনুভূত হচ্ছে। ভ্যাপসা গরমে সাধারণ মানুষের জনজীবনে নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার দেশের ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বুধবারও অব্যাহত থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে যে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে এর মাঝেই দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আগামীকাল সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমের কারণে শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এনএন/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language