বলিউড

কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে সিনেমা: নির্মাতাদের আইনি নোটিশ পাঠালেন সালমান

মুম্বাই, ২ জুন – মুক্তির আগেই আইনি জটিলতার মুখে পড়েছে কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে নির্মিত বলিউড চলচ্চিত্র ‘কালা হিরাণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’। বলিউড তারকা সালমান খানের জীবনের আলোচিত এই অধ্যায় নিয়ে সিনেমাটি নির্মাণ করায় এর পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেতার আইনজীবীরা।

সালমান খানের আইনজীবীর পক্ষ থেকে পাঠানো ওই নোটিশে চলচ্চিত্রটির মুক্তি স্থগিত রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এর প্রচারণামূলক সব বিষয়বস্তু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি চলচ্চিত্রটির একটি পোস্টার প্রকাশের পর এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে এই নোটিশটি মূলত ছবির কাস্টিং ডিরেক্টর অক্ষয় পাণ্ডেকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয় যে সালমান খান তার নাম বা জীবনসংশ্লিষ্ট কোনো ঘটনা বড় পর্দায় উপস্থাপনের জন্য কোনো অনুমতি প্রদান করেননি।

নির্মাতারা তার খ্যাতি ব্যবহার করে ব্যবসায়িক ফায়দা হাসিলের চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে এই প্রেক্ষাপটে সিনেমার প্রযোজক অমিত জানি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে এই নোটিশের মাধ্যমে তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তিনি নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন।

উল্লেখ্য যে ১৯৯৮ সালে রাজস্থানে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে সালমান খানের বিরুদ্ধে মামলা হয়। ২০১৮ সালে এই মামলায় নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিলেও বর্তমানে বিষয়টি রাজস্থান হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language