যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

তেহরান, ১ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে।
আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার চলমান সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার বিশ্ববাজারে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৩ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। আগের দিনের তুলনায় এই দাম প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।
মূলত জ্বালানি উৎপাদন ও পরিবহনের গুরুত্বপূর্ণ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায় যে তারা ইরানের গোরুক এলাকার রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেশম দ্বীপের স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নেয়।
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে যে তারা দক্ষিণ হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি মার্কিন সংশ্লিষ্ট ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে যে ভবিষ্যতে আরও হামলার ঘটনা ঘটলে তার জবাব হবে আরও কঠোর।
এদিকে লেবানন সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় তাদের একজন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন।
এই সংঘাত সামগ্রিকভাবে ওই অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে।
এনএন/ ১ জুন ২০২৬









