হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

ঢাকা, ৩০ মে – পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হাজি নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম এই ফ্লাইটটি।
সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে এ বছরের হাজিদের দেশে ফেরার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ফিরতি যাত্রার প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে আগত হাজিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অবতরণের পর প্রত্যেক হাজিকে উপহার হিসেবে পাঁচ লিটার করে জমজমের পানি প্রদান করা হয়। উল্লেখ্য যে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।
এস এম/ ৩০ মে ২০২৬









