পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের জন্য সব জেলায় হচ্ছে ‘হোল্ডিং সেন্টার’

কলকাতা, ২৪ মে – অনুপ্রবেশকারী সন্দেহে আটক বাংলাদেশি বা রোহিঙ্গাদের সাময়িকভাবে রাখার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা আটক কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
সম্প্রতি রাজ্যের সচিবালয় ও প্রশাসনিক কেন্দ্র নবান্ন থেকে জেলা প্রশাসনের কাছে পাঠানো এক নির্দেশিকার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, এসব কেন্দ্রে সন্দেহভাজন ব্যক্তিদের ৩০ দিন পর্যন্ত আটক রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে আটক ব্যক্তিদের পাশাপাশি যারা আগে ধরা পড়েছিলেন এবং সাজার মেয়াদ শেষ করে স্বদেশে ফেরার অপেক্ষায় আছেন, তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকরের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, সিএএ-র আওতার বাইরে থাকা ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে তাদের বিএসএফের মাধ্যমে ফেরত পাঠানো হবে।
এই পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে ভারত ও বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আগে সঠিকভাবে পালিত না হলেও বর্তমান সরকার তা গুরুত্বের সাথে কার্যকর করছে।
নবান্নের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহাপরিচালক, জেলাশাসক এবং পুলিশ সুপারদের কাছে ইতোমধ্যে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেনার্স ডিভিশন থেকে জারি করা নির্দেশিকা অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারবে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে জেলাশাসক নথিপত্র যাচাই করে ওই ব্যক্তির নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
পশ্চিমবঙ্গ সরকার অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে চিহ্নিত করা এবং ফেরত পাঠানোর যে নীতি গ্রহণ করেছে, তা বাস্তবায়নে জেলা পর্যায়ে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হবে এবং তাদের ভারতে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হবে। তদন্ত প্রক্রিয়া শেষে তাদের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
এনএন/ ২৪ মে ২০২৬









