সনাতন

বিষাদের সুর ও চোখের জলে দেবী বিদায়: বিসর্জনে শেষ হচ্ছে ৬ দিনের দুর্গাপূজা

ঢাক-ঢোলের কাঁসার শব্দ আর ধূপের ধোঁয়ায় চারপাশ মেতে থাকলেও, ভক্তদের চোখে আজ শুধুই বিদায়ের জল। টানা ছয় দিনের আনন্দ আর উদ্দীপনার শেষে আজ শুভ বিজয়া দশমী। দেবী দুর্গার মর্ত্যলোক ছেড়ে কৈলাসে পতিগৃহে ফিরে যাওয়ার দিন। প্রতিমা বিসর্জনের মাধ্যমেই আজ আনুষ্ঠানিকভাবে পর্দা নামছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ সামাজিক ও ধর্মীয় মহোৎসবের।

গতকাল মহানবমীর রাত থেকেই মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করেছিল বিদায়ের করুণ সুর। আজ দশমীর সকালে দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা—শুভকামনা জানান পরস্পরের জন্য।

আলোয় মোড়া রাজধানী ও নবমীর জাঁকজমক

আরও পড়ুন ::

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই আনন্দযজ্ঞে পুরো ঢাকাসহ সারা দেশ সেজেছিল ভিন্ন সাজে। অলিগলিতে বর্ণিল তোরণ, ঝলমলে আলোকসজ্জা আর চমৎকার মণ্ডপ দেখতে ঢল নেমেছিল দর্শনার্থীদের।

গতকাল মহানবমীতে প্রতিটি পূজামণ্ডপেই ছিল ভক্ত ও দর্শনার্থীদের চোখে পড়ার মতো উপচে পড়া ভিড়। দেবীর চরণে অঞ্জলি দেওয়া, ভোগ নিবেদন আর সন্ধ্যা আরতির সময় হাজারো মানুষের প্রার্থনায় মুখরিত হয়ে উঠেছিল পুরো প্রাঙ্গণ। তবে নবমীর সন্ধ্যা আরতি শেষ হতেই আনন্দের মাঝেই নেমে আসে এক বিষাদময় অনুভুতি, যা আজকের বিজয়া দশমীতে এসে বিসর্জনের করুণ মুহূর্তে পরিণত হয়েছে।

নিরাপত্তার কড়াকড়ি: সন্ধ্যার আগেই বিসর্জনের নির্দেশনা

সবকিছু সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—নিরাপত্তার স্বার্থে সময় মেনেই এবং সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশের নদী ও জলাশয়গুলোতে প্রতিমা বিসর্জনের স্থানে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লম্বা ছুটির আমেজ ও পারস্পরিক শুভেচ্ছা

এবারের দুর্গাপূজায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল ছুটির আনন্দ। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির মুখে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে পূজার ছুটি তিন দিন পর্যন্ত বর্ধিত করে। এর ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করছেন সর্বস্তরের মানুষ।

বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ দেশের রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা জানিয়েছেন।

এনএন/ ২১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language