জাতীয়

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

ঢাকা, ২৪ মে – রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এদিকে সারাদেশে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

তবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনএন/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language