উত্তর আমেরিকা

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব নিয়ে মার্কিন হাউসে ভোটাভুটি স্থগিত

ওয়াশিংটন, ২৩ মে – মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ইরান যুদ্ধ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি বাতিল করেছে শাসকদল রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিরোধী ডেমোক্র্যাট সদস্যরা এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।

ভোটাভুটিতে পরাজয়ের আশঙ্কায় রিপাবলিকানরা এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রস্তাবে যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমালোচনাও অন্তর্ভুক্ত ছিল।

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক হাউস কমিটির সদস্য গ্রেগরি মিকস এই প্রস্তাবটি হাউসে উত্থাপন করেন। রিপাবলিকান সদস্যদের একটি বড় অংশ অনুপস্থিত থাকায় ট্রাম্প অনুগামীরা ভোটের বিষয়ে আপত্তি তোলেন এবং শেষ পর্যন্ত তা স্থগিত রাখা হয়।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন হাউসের তিন শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস, হুইপ ক্যাথরিন ক্লার্ক এবং পিট অ্যাগুইলার। এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন যে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস বর্তমানে ট্রাম্প প্রশাসনের একটি অনুগত প্রতিষ্ঠানের মতো আচরণ করছে।

যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে,

রিপাবলিকানরা কাপুরুষোচিতভাবে নির্ধারিত ওয়ার পাওয়ারস রেজোলিউশনের ভোট প্রত্যাহার করেছে। এই আইনটি দ্বিদলীয় সমর্থনে পাস হওয়ার সম্ভাবনা ছিল যা প্রেসিডেন্টকে পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধে বাধ্য করত। হাউসের স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন জানিয়েছেন আগামী জুন মাসে এই বিষয়ে ভোটাভুটি হতে পারে।

১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া যে কোনো যুদ্ধের ক্ষেত্রে ৬০ দিনের সময়সীমা নির্ধারিত থাকে। এরপর সেনা প্রত্যাহারের জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাওয়া যায়। তবে নতুন করে সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য যে,

গত ২৮ ফেব্রুয়ারি পেন্টাগন ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল। নিয়ম অনুযায়ী সামরিক পদক্ষেপের ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে তা জানানো হয়। বর্তমানে ট্রাম্প সরকার ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে।

যদিও ডেমোক্র্যাটদের পাশাপাশি অনেক রিপাবলিকান সদস্যও নতুন করে যুদ্ধ শুরুর বিরোধিতা করছেন। এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেয়নি ট্রাম্প প্রশাসন।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language