চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমে বিশাল রাজস্ব ঘাটতি: উচ্চ শুল্কের পণ্য আমদানিতে ধস

চট্টগ্রাম, ২২ মে – দেশের প্রধান রাজস্ব যোগানদাতা প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে বিশাল রাজস্ব ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। উচ্চ শুল্কযুক্ত পণ্য যেমন গাড়ি, ইলেকট্রনিকস ও কসমেটিকস আমদানিতে বড় ধরনের ধস নামায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড চলতি ২০২৫ ২৬ অর্থবছরের শুরুতে চট্টগ্রাম কাস্টমসের জন্য এক লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে অর্থবছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে মাত্র ৮৪ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে,

মে ও জুন এই দুই মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও অর্থবছর শেষে কমপক্ষে ১৭ হাজার কোটি টাকার ঘাটতি থেকে যাবে। এ নিয়ে টানা পাঁচ বছর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টমসের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে পণ্য আমদানির পরিমাণ বাড়লেও উচ্চ শুল্কের পণ্য না আসায় রাজস্ব আদায়ে বড় ধাক্কা লেগেছে।

কাস্টমসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, বছরজুড়ে বাণিজ্যিক পণ্য আমদানিতে এলসি খোলায় কড়াকড়ি ছিল। বিশেষ করে যেসব পণ্য থেকে বেশি রাজস্ব আসে, সেগুলোর আমদানি ব্যাপকভাবে কমে গেছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তির জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্কহার শূন্য করায় কাঙ্ক্ষিত রাজস্ব আসেনি।

শুল্ক স্টেশনটির কর্মকর্তারা জানান,

বিলাসবহুল গাড়ি আমদানি থেকে কাস্টম সবচেয়ে বড় অংকের রাজস্ব পেয়ে থাকে, যেখানে শুল্কের হার ৩০০ থেকে ৮০০ শতাংশ পর্যন্ত হয়। ডলার সাশ্রয়ে সরকারের কড়াকড়ি এবং ব্যাংকগুলোর এলসি বন্ধ রাখার কারণে চলতি অর্থবছর গাড়ি ও দামি ইলেকট্রনিকস পণ্যের আমদানি তলানিতে নেমেছে।

এনবিআরের তথ্য অনুযায়ী,

চট্টগ্রাম বন্দর দিয়ে গত ৯ মাসে আমদানির পরিমাণ আগের বছরের চেয়ে সাড়ে ১৪ শতাংশ বেড়েছে। তবে এই বাড়তি পণ্যের বেশির ভাগই ছিল চাল, ডাল, তেল, চিনি ও সার, যার বড় অংশই শুল্কমুক্ত পণ্য। চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি রিগ্যান বলেন, গত দেড় বছর ধরেই আমদানির গতি বেশ শ্লথ।

ডলার সংকটের কারণে দেশের বেশ কিছু ব্যাংক এলসি খোলা বন্ধ রেখেছিল। এর ওপর সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বাজারে পড়েছে।

তিনি আরও জানান, অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে যাওয়ায় ব্যবসায়ীরা এখন উচ্চ শুল্কের পণ্য আমদানির ঝুঁকি নিচ্ছেন না। তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত অর্থবছরের তুলনায় এবার রাজস্ব আদায়ে প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language