জনবান্ধব বাজেট ও কর কাঠামো সংস্কারের দাবি জাতীয় নাগরিক পার্টির

ঢাকা, ২১ মে – দেশের বাজেট প্রণয়নে গতানুগতিক ধারা পরিহার করে জনগণের প্রত্যাশা পূরণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকরা।
বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি ছায়া বাজেট কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের বাজেট কর্মসংস্থান বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক এই অনুষ্ঠানে অর্থনৈতিক সংস্কারের নানা দিক তুলে ধরা হয়। বক্তারা কর ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে একটি সমন্বিত অনলাইন উদ্যোগ ও ফেসলেস ব্যবস্থা চালুর মাধ্যমে আয় বাড়ানোর তাগিদ দেন।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন অতীতে বাজেট ছিল কেবল একটি কাগজের দলিল যেখানে একটি বিশেষ কর্পোরেট গোষ্ঠী দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এবারের বাজেট যেন কোনো লুটেরা গোষ্ঠীর অনুকূলে না হয়ে সাধারণ মানুষের কল্যাণে হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন দেশের কর ও জিডিপি অনুপাত অত্যন্ত কম হওয়ায় সরকার স্থানীয় বাজার থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। তিনি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে একটি ডিজিটাল ছাতার নিচে এনে প্রশাসনিক ব্যয় কমানোর পরামর্শ দেন।
সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান বাজেট ব্যবস্থাপনায় আইনি স্বচ্ছতার অভাবের কথা উল্লেখ করে বলেন সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুযায়ী ত্রৈমাসিক অগ্রগতির রিপোর্ট নিয়মিত প্রকাশ করা উচিত।
ব্যাংকিং খাতের সংকট নিরসনে খেলাপি ঋণ আদায় ও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবিও জানান অন্য আলোচকরা।
সভাপতির বক্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন কর ব্যবস্থা সংস্কার না করলে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্কের অবনতি ঘটবে এবং মানুষ রাষ্ট্রের ওপর আস্থা হারাবে।
এনএন/ ২১ মে ২০২৬









