নানা নাটকীয়তার মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন শুরু

চট্টগ্রাম, ২১ মে – নানা নাটকীয়তার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টায় সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোট শুরুর পরপরই কেন্দ্র ও এর আশপাশের এলাকায় নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীরা।
তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ভোটের আগের দিনই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবীকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে না দেওয়ায় শুরু থেকেই তারা এই নির্বাচনের বিরোধিতা করে আসছে।
প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপিপন্থি আইনজীবীদের মাঝেও ভোটকেন্দ্রে যাওয়ার তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে একজন করে প্রার্থী থাকায় ওই পদগুলোতে সরাসরি কোনো ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি। বর্তমানে বাকি ১২টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এসব পদে মোট ২৪ জন প্রার্থী থাকলেও ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের ১২ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন করেছেন। এর ফলে কার্যত বিএনপিপন্থি প্রার্থীরাই এখন নির্বাচনী মাঠে রয়েছেন। কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী জানান, প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোটারদের মধ্যে উৎসাহ অনেক কমে গেছে।
ফলাফল একপ্রকার নির্ধারিত থাকায় অনেকেই কেন্দ্রে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। এর আগে গত বুধবার নির্বাচন ঘিরে আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা বিরাজ করে। জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীরা নির্বাচন বাতিলের আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেয়।
এরপরই সংগঠনটির পক্ষ থেকে ভোট বর্জনের ঘোষণা আসে এবং বর্তমান কমিটির ৭ জন নেতা পদত্যাগ করেন। একইভাবে আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও নতুন কমিশন ও পুনতফসিলের দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছেন।
তবে সব বাধা ও বিক্ষোভের মধ্যেও পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সিদ্ধান্তে অটল থাকে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রৌশন আরা বেগম জানান, যথাযথ প্রস্তুতির মাধ্যমেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী জানান, সব প্রস্তুতি সম্পন্ন থাকায় নির্বাচন স্থগিত করার কোনো সুযোগ নেই।
এস এম/ ২১ মে ২০২৬









