আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

ঢাকা, ২০ মে – জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী ও আদাবর থানায় দায়ের করা দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ প্রদান করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। এর আগে ১২ মে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক এই বিচারপতির বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগও রয়েছে।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক এবং ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। এরপর তিনি তিনবার আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language