চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, একজনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম, ২১ মে – চট্টগ্রাম মহানগরীর পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। বুধবার সকালে নগরের নন্দনকাননের ডিসি হিল এবং চান্দগাঁও থানা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিলগুলো করা হয়।

পরবর্তীতে এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি শনাক্তের মাধ্যমে বুধবার সন্ধ্যায় মেহেরাজ নামের ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে আটক করা হয়।

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই মিছিলের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল ডিসি হিলের সামনে থেকে ব্যানারসহ স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসছে।

ব্যানারের তথ্য অনুযায়ী,

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমানের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর রাস্তার পাশে একটি সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে কোনো জুলাই জঙ্গিদের স্থান হবে না এবং এই শহর শেখ হাসিনার শহর হিসেবেই পরিচিত থাকবে।

দলীয় নেতা-কর্মীরা ঘরে থাকতে না পারলে সাধারণ মানুষকেও শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন। অন্যদিকে, চান্দগাঁও থানা এলাকার একটি ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল করছে।

ভিডিওটির বর্ণনায় দাবি করা হয়,

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নির্দেশনায় ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোলামুর রহমান চৌধুরী রিজানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান,

মিছিলের ভিডিওটি ঠিক কখনকার তা যাচাই করা হচ্ছে। তবে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন মিছিলের ঘটনায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language