গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ মৃত্যু: গাফিলতি তদন্তে হাইকোর্টের নির্দেশ

গাইবান্ধা, ২০ মে – গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় কার গাফিলতি ছিল তা খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা সিভিল সার্জনকে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির এবং বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আদালতে এ সংক্রান্ত রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী শাফিনুর ইসলাম। রিটকারীর আইনজীবী সাংবাদিকদের জানান যে সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ১৭ জন আহত হয়েছিলেন।
সরকারি হাসপাতালে প্রয়োজনীয় টিকা না পেয়ে তারা বেসরকারি হাসপাতাল থেকে টিকা গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ ও দায়িত্ব পালনে কারো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখে আগামী পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জের দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হন। ঘটনার দুই সপ্তাহ পর পাঁচজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। বিষয়টি জনস্বার্থে আদালতের নজরে আনলে এই আদেশ দেওয়া হয়।
এস এম/ ২০ মে ২০২৬









