গুগল সার্চে বৈপ্লবিক পরিবর্তন: লিংকের বদলে সরাসরি উত্তর দেবে এআই

ওয়াশিংটন, ২০ মে – বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের সার্চ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দীর্ঘ ২৫ বছরের পথচলায় এটিকে সবচেয়ে বড় রূপান্তর হিসেবে অভিহিত করা হচ্ছে। এতদিন কোনো তথ্য খুঁজলে গুগল বিভিন্ন ওয়েবসাইটের লিংক প্রদর্শন করত, তবে এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সরাসরি উত্তর এবং কথোপকথনের আদলে তথ্য প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্রে আয়োজিত গুগলের বার্ষিক প্রযুক্তি সম্মেলনে এই নতুন ব্যবস্থার বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই সার্চ ব্যবস্থায় ব্যবহারকারীরা বিস্তারিত প্রশ্ন করার সুযোগ পাবেন। গুগল কেবল সার্চ রেজাল্ট বা লিংক দেখাবে না, বরং সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সরাসরি উত্তর তৈরি করে দেবে।
এছাড়া ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট বিষয়ে ধারাবাহিক প্রশ্ন করার সুবিধাও পাবেন। সার্চ ব্যবস্থায় যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় তথ্য সহকারী। এটি ব্যবহারকারীর হয়ে ইন্টারনেট জুড়ে নির্দিষ্ট তথ্যের ওপর নজরদারি করবে। যেমন, কেউ যদি বাজার পরিস্থিতি বা নির্দিষ্ট কোনো বিষয়ের পরিবর্তন লক্ষ্য করতে চান, তবে এই সহকারী তাকে নিয়মিত আপডেট জানিয়ে দেবে।
এছাড়াও ব্যবহারকারীরা নিজস্ব প্রয়োজন অনুযায়ী ছোট পরিসরে বিভিন্ন সেবা বা অ্যাপ তৈরি করতে পারবেন। এর মাধ্যমে খাবার তালিকা প্রস্তুত করা, ব্যায়ামের পরিকল্পনা সাজানো বা ব্যক্তিগত সময়সূচি ব্যবস্থাপনার মতো কাজগুলো সহজ হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের এই পদক্ষেপের ফলে অনলাইন সংবাদমাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইট বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এতদিন ব্যবহারকারীরা তথ্যের খোঁজে লিংকে ক্লিক করে সংবাদমাধ্যমে প্রবেশ করতেন। এখন গুগল নিজেই সরাসরি উত্তর প্রদান করায় ওয়েবসাইটের দর্শক সংখ্যা বা ট্রাফিক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখন থেকে কেবল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা এসইও এর ওপর নির্ভর করে তৈরি কন্টেন্ট খুব একটা সুবিধা পাবে না।
এর পরিবর্তে মৌলিক সংবাদ, নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং ভিডিও কন্টেন্টের গুরুত্ব বৃদ্ধি পাবে। বাংলাদেশের অনলাইন পোর্টালগুলোর একটি বড় অংশ গুগলের ওপর নির্ভরশীল হওয়ায়, টিকে থাকতে হলে নিজস্ব পাঠকগোষ্ঠী তৈরি এবং মানসম্মত কন্টেন্ট প্রকাশের ওপর জোর দিতে হবে।
এস এম/ ২০ মে ২০২৬









