এআই কনটেন্ট থেকে দৃশ্যমান জলছাপ সরানোর সুযোগ দিচ্ছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও এবং গান থেকে দৃশ্যমান জলছাপ বা ওয়াটারমার্ক সরানোর সুবিধা দিতে যাচ্ছে গুগল। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, জেমিনি ব্যবহারকারীরা এখন থেকে চাইলে তাদের তৈরি কনটেন্টে জলছাপ প্রদর্শনের বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে দৃশ্যমান জলছাপ সরিয়ে ফেলা হলেও কনটেন্টটি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, সেই তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল সম্প্রতি এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
এই নতুন ফিচারটি জেমিনি, ফ্লো এবং গুগলের অন্যান্য এআই মডেলগুলোতে কার্যকর হবে। গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, দৃশ্যমান জলছাপ বন্ধ করার সুযোগ থাকলেও মেটাডেটা বা গোপন শনাক্তকরণ চিহ্নগুলো মোছা যাবে না। এর ফলে কোনো কনটেন্ট এআই দিয়ে তৈরি কি না, তা পরবর্তী সময়ে সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
গুগলের তৈরি গোপন জলছাপের নাম সিন্থ আইডি। এটি ছবির ভেতরে এমনভাবে যুক্ত থাকে যা সাধারণভাবে চোখে দেখা যায় না। পেশাদার কাজে সৃজনশীলতা বজায় রাখতে এবং নকশাগত জটিলতা দূর করতে এই দৃশ্যমান জলছাপ সরানোর অপশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও নির্মাতাদের জন্য এটি বেশ সহায়ক হবে।
আগামী কয়েক দিনের মধ্যে ব্যবহারকারীরা এই সুবিধাটি পেতে শুরু করবেন। জেমিনির সেটিংস অপশনে গিয়ে এই ফিচারটি চালু বা বন্ধ করার সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি গুগল ক্রেডেনশিও নামক একটি নতুন সফটওয়্যারও উন্মুক্ত করছে। এর মাধ্যমে নির্মাতারা তাদের নিজস্ব অ্যাপ বা সফটওয়্যারে স্থানীয়ভাবে কনটেন্ট যাচাইয়ের সুবিধা যুক্ত করতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কনটেন্টের সত্যতা নিশ্চিত করার প্রতিযোগিতায় এই পদক্ষেপটি গুগলকে এগিয়ে রাখবে।
এনএন/ ১৫ আগস্ট ২০২৬









