দুপুরের মধ্যেই ১০ জেলায় ধেয়ে আসছে ৬০ কিমি বেগে ঝড়! নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ১৪ মে – সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও ঝিরঝিরে বৃষ্টি, আবার কোথাও গুমোট গরম। তবে আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস বলছে, শান্ত থাকার সময় নেই। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরের মধ্যেই দেশের ১০টি অঞ্চলে আঘাত হানতে পারে কালবৈশাখীর ঝাপটা। সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ের তীব্রতা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান ও লঞ্চগুলোকে সাবধানে চলাচল করতে এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুধু দুপুরের পূর্বাভাস নয়, আগামী সন্ধ্যা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার চিত্রও বেশ অস্থির। আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার বুলেটিন বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট: এই পাঁচ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।
উত্তরবঙ্গ ও সিলেটে মাঝারি ধরনের ভারী থেকে শুরু করে অতি ভারী বর্ষণ হতে পারে। যা পাহাড়ি এলাকায় ভূমিধস বা নিচু এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি তৈরি করতে পারে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল এই বিভাগগুলোতে বৃষ্টির তীব্রতা কিছুটা কম হলেও বিচ্ছিন্নভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস রয়েছে।
বৃষ্টির এই লুকোচুরি চললেও স্বস্তির খবর এই যে, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ, বৃষ্টির পর যে ভ্যাপসা গরমের অনুভূতি হয়, তা কিছুটা বজায় থাকতে পারে।
বজ্রবৃষ্টির সময় ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন এবং খোলা মাঠে অবস্থান না করে পাকা দালানের নিচে আশ্রয় নিন। নদীপথে যাতায়াতকারী যাত্রীদের আবহাওয়া পরিস্থিতি দেখে তবেই নৌযানে ওঠার অনুরোধ জানানো হচ্ছে।
এনএন/ ১৪ মে ২০২৬









