নারায়নগঞ্জ

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জ, ১৩ মে – নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পাঞ্চলে অবস্থিত জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুরে খাবার খাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মনির হোসেন, আল আমিন, নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির হোসেন, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার। এদের মধ্যে আমির, শঙ্কর, কাউসার ও আল আমিন ক্যান্টিন বয় হিসেবে কর্মরত এবং অন্যরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, দুপুরে কর্মকর্তা ও কর্মচারীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন।

হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্যান্টিনে থাকা ১২ জনের হাত, মুখ ও পা সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা খোলা ছিল বলে ধারণা করা হচ্ছে।

কেউ একজন আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতরা চিকিৎসাধীন আছেন।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language