বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ১১ মে – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর বিজেপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে এই জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে অন্যতম হলো অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষা জোরদার করা। মুখ্যমন্ত্রী জানান যে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে প্রয়োজনীয় ভূমি বুঝিয়ে দেওয়া হবে। নির্বাচনের সময় বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ বন্ধ করা। সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার যে অভিযোগ বিজেপি তুলেছিল, ক্ষমতায় এসেই তা সমাধানে উদ্যোগী হয়েছে নতুন সরকার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো রক্ষা করা এখন সময়ের দাবি। সে লক্ষ্যেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বিএসএফ তাদের প্রয়োজনীয় জমি বুঝে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে ২ হাজার ২১৬ কিলোমিটারেরও বেশি এলাকা পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি।
২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই ঐতিহাসিক পরিবর্তন আসে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর আসনেও জয়লাভ করেন শুভেন্দু অধিকারী।
এস এম/ ১১ মে ২০২৬









