মৌলভীবাজার

কুলাউড়া সীমান্ত দিয়ে পুশইনের শিকার ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

মৌলভীবাজার, ৯ মে – মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইনের শিকার ১০ বাংলাদেশি নাগরিককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা এসআই ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় এই ১০ ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা হাবুল দাস, তার স্ত্রী সুমিত্রা দাস ও তাদের তিন সন্তান অনামিকা, ভূমি ও হেমন্ত রয়েছেন। তালিকায় আরও রয়েছেন গোপাল দাস, মো. আল আমিন, ফাতেমা বেগম, রাহুল তালুকদার ও যুবরাজ সরকার।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল শুক্রবার মুরইছড়া চা বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে পুনরায় বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। বিজিবি সদস্যরা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার সন্ধ্যায় স্বজনেরা থানায় উপস্থিত হলে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language