মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ৬ষ্ঠ জাতীয় চা দিবস পালিত, ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সম্মাননা

মৌলভীবাজার, ২০ জুন – মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ জাতীয় চা দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে চা শিল্পের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় চা শিল্পে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। উন্নত জাতের চারা উৎপাদন, গবেষণা, মানসম্মত প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিংয়ের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

অনুষ্ঠানে চা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনের জন্য শ্রীগোবিন্দপুর চা বাগান এবং গুণগত মানসম্পন্ন চা উৎপাদনের জন্য মধুপুর চা বাগান শ্রেষ্ঠ নির্বাচিত হয়।

শ্রেষ্ঠ চা রপ্তানিকারক হিসেবে দ্য কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি এবং শ্রমিক কল্যাণে শ্রেষ্ঠত্বের জন্য মির্জাপুর চা বাগানকে পুরস্কৃত করা হয়। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট তাদের দৃষ্টিনন্দন প্যাকেজিংয়ের জন্য পুরস্কৃত হয়। এছাড়া উত্তরাঞ্চলে চা শিল্প প্রসারে সুপ্রিম টি লিমিটেডকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে নেপচুন চা বাগানের জেসমিন আক্তার এবং ক্ষুদ্র চাষি হিসেবে মো. মতিউর রহমান পুরস্কার লাভ করেন। দিনব্যাপী এই প্রদর্শনীতে দর্শনার্থীরা বিভিন্ন স্টলে বৈচিত্র্যময় চায়ের স্বাদ গ্রহণ করেন।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language