শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভার প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ল

মৌলভীবাজার, ১৭ জুন – মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল তীব্র বাতাসে ভেঙে পড়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য নির্মিত এই প্যান্ডেলটি ভেঙে পড়ে।
এ সময় প্যান্ডেলের নিচে অবস্থানরত উপকারভোগী ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অনুষ্ঠানস্থলের মূল মঞ্চটি অক্ষত রয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর পৌঁছানোর আগেই ভেঙে পড়া প্যান্ডেলের অংশগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে পুনরায় চেয়ার বসিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে তিনি সিলেটে পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন।
এস এম/ ১৭ জুন ২০২৬









