মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সাতজনকে পুশইন

মৌলভীবাজার, ২৫ জুন – মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেওয়ায় ওই ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার ভোরে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে এই পুশইনের ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকায় ছয়জন নারী ও একটি শিশুকে প্রবেশ করতে দেখে তারা আটক করেন।

আটক হওয়া নারীরা জিজ্ঞাসাবাদে জানান যে, ভারতে একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন বন্দি ছিলেন। পরে বিএসএফ তাদের চোখ বেঁধে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ঘটনার বিষয়ে স্থানীয় এক যুবক জানান, তিনি পুশইনের শিকার ব্যক্তিদের আটক করে ইউনিয়ন পরিষদ সদস্য এবং থানায় খবর দিয়েছিলেন।

তবে পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিতে বলা হয়েছে বলে তিনি দাবি করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ সদস্যের হস্তক্ষেপে তাদের একটি অটোরিকশায় করে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। তবে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছিলেন।

পুশইনের শিকার ব্যক্তিরা নিজেদের ঢাকার সাভার এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, পুশইনের খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের ঘটনায় স্থানীয়দের উচিত ছিল দ্রুত বিজিবিকে জানানো এবং তাদের হাতে সোপর্দ করা। বর্তমানে বিজিবির পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language