ছদ্মবেশে মাঝরাতে বাসস্ট্যান্ডে নারী পুলিশ কমিশনার, ৪০ জনের কুপ্রস্তাব

নয়া দিল্লী, ৮ মে – শহরের রাস্তায় নারীরা আসলে কতটা নিরাপদ তা স্বচক্ষে দেখতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন ভারতের হায়দরাবাদের এক জ্যেষ্ঠ নারী পুলিশ কর্মকর্তা। সাধারণ নারীর ছদ্মবেশে গভীর রাতে একা রাস্তায় দাঁড়িয়ে তিনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তা অত্যন্ত উদ্বেগজনক। তেলঙ্গানা ক্যাডারের সিনিয়র আইপিএস কর্মকর্তা সুমতি বর্তমানে মালকাজ়গিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বরত।
নারী নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র বুঝতে তিনি নিজেই রাস্তায় নামার সিদ্ধান্ত নেন। গভীর রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত তিনি মালকাজ়গিরি থানার কাছে একটি বাসস্ট্যান্ডে সাধারণ পোশাকে একা অবস্থান করেন। এসময় তার সঙ্গে কোনো নিরাপত্তারক্ষী ছিল না এবং তিনি নিজের পরিচয় গোপন রাখেন। অভিযান চলাকালীন তিন ঘণ্টায় প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এগিয়ে আসে।
পুলিশ সূত্র জানিয়েছে যে এদের মধ্যে অনেকে তাকে কুপ্রস্তাব দেয় আবার কেউ কেউ অহেতুক কথা বলার চেষ্টা করে। আগতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও ছাত্র ছিল। এমনকি বেশ কয়েকজন নেশাগ্রস্ত অবস্থায় তার সাথে অভব্য আচরণ করেন। উপস্থিত কেউই ঘুণাক্ষরেও টের পাননি যে তারা একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সাথে কথা বলছেন। পরবর্তীতে ওই ব্যক্তিদের শনাক্ত করে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়।
তাৎক্ষণিকভাবে কোনো মামলা না দিয়ে তাদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। সেখানে জনসমক্ষে ও নারীদের প্রতি আচরণের বিষয়ে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়। বাস্তব পরিস্থিতি বোঝার জন্য পুলিশের এই সাহসী পদক্ষেপ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য যে কর্মজীবনের শুরুতেও সুমতি একই ধরনের অভিযান চালিয়েছিলেন কাজিপেট রেলস্টেশন এলাকায়। গত ১ মে মালকাজ়গিরির পুলিশ কমিশনার হিসেবে যোগদানের আগে তিনি স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এস এম/ ৮ মে ২০২৬









