রাশিয়ায় চাকরি খোঁজার সময় ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশনা

দিল্লি, ০১ অক্টোবর- রাশিয়ায় চাকরির সন্ধানের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি নির্দেশনা জারি করেছে। রুশ সশস্ত্র বাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের বিষয়ে একের পর এক খবর আসার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই বছর ধরে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়ার ঝুঁকি নিয়ে দেশটির নাগরিকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। বিদেশে চাকরি করছেন বা চাকরি খুঁজছেন এমন ভারতীয়দের চাকরির প্রস্তাব ভালোভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এমন কোনো ব্যক্তি বা এজেন্সির প্রলোভনে না পড়তে বলা হয়েছে, যাদের বিশ্বাসযোগ্যতা বা বৈধতা নিশ্চিত করা সম্ভব নয়।
নির্দেশনায় বলা হয়েছে, কিছু ভারতীয় আর্থিক সুবিধার আশায় স্বেচ্ছায় রাশিয়ান সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ খুঁজেছেন। তাদের কেউ কেউ হয়তো ভেবেছিলেন, পরে ভারত সরকারের সহায়তায় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। সরকার এ ধরনের পদক্ষেপকে অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে এ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
এ ছাড়া ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে রাশিয়ান পাসপোর্ট নেওয়া এবং রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, স্বল্পমেয়াদি আর্থিক লাভের আশায় প্রলুব্ধ হয়ে কিছু ব্যক্তি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো পরামর্শ না করেই এরই মধ্যে এমন পদক্ষেপ নিয়েছেন।
মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের এ ধরনের সিদ্ধান্তের গুরুতর পরিণতি, বিশেষ করে জীবনহানির ঝুঁকি বিবেচনা করার এবং এমন পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছে। নির্দেশনায় রাশিয়ান সশস্ত্র বাহিনীতে কাজের জন্য স্বেচ্ছাসেবী গোষ্ঠীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে বিদেশি নাগরিকদের নিয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এ ধরনের এজেন্টের কাছ থেকে চাকরির প্রস্তাব নেওয়ার আগে ভারতীয় নাগরিকদের যথাযথভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে এমন নিয়োগকারী এজেন্টদের সঙ্গে লেনদেন বা যোগাযোগ না করতে সতর্ক করেছে, যারা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত নয়।
ভারত সরকার জানিয়েছে, রাশিয়ান সশস্ত্র বাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এবং তাদের দ্রুত মুক্তির বিষয়টি নিশ্চিত করতে রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে।
এস এম/ ০১ অক্টোবর ২০২৬







